জুভেন্টাস-মিলানকে নিষিদ্ধ করার হুমকি এফআইজিসি’র

অননুমোদিত প্রতিযোগিতা ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিতে রাজি হলে সিরি’আ’তে নিষিদ্ধ হবে ইতালিয়ান ক্লাবগুলো। এমন সতর্কবাণী দিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা।

গত সপ্তাহে ঘোষিত সুপার লিগে যে ১২ দল প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেয় তাদের মধ্যে ছিল তিন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। তবে সমর্থক, ফিফা, উয়েফা ও ঘরোয়া লিগের ফেডারেশনগুলোর তোপের মুখে পড়ে দুই দিনের ব্যবধানে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। এরপর একই পথে হাঁটে ইতালির ইন্টার মিলান ও স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।  

তবে অন্য দুই প্রতিষ্ঠাতা সদস্য স্পেনের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পাশাপাশি সুপার লিগ থেকে এখনো সরে দাঁড়ায়নি জুভেন্টাস ও এসি মিলান। এই অননুমোদিত লিগে অংশগ্রহণ করলে ইতালিয়ান ক্লাবগুলোকে সিরি’আ ও কোপা ইতালিয়ায় নিষিদ্ধ করা হবে হবে জানায় এফআইজিসি।

এক সংবাদ সম্মেলনে গ্রাভিনা বলেন, ‘সুপার লিগ-বিরোধী নিয়ম অনুসারে, যারা ‍উয়েফা, ফিফা ও এফআইজিসি কর্তৃক অননুমোদিত এই প্রতিযোগিতায় যোগ দেবে, তারা সদস্যপদ হারাবে।’

প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’, ইতালির ইন্টার ও লা লিগার অ্যাটলেটিকোর সুপার লিগ থেকে সরে দাঁড়ানোয় এখন এই প্রতিযোগিতা হবে কিনা অনিশ্চিত। তবে জুভেন্টাস এই লিগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও সমর্থকদের সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন মিলানের স্পোর্টিং ডিরেক্টর পাওলো মালদিনি। অবশ্য এখনো সুপার লিগ থেকে সরে দাঁড়ানোর কোনো বিবৃতি দেয়নি রোজোনেরিরা। অন্যদিকে বিবৃতি দিয়ে এই লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় ইন্টার।