রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার (৩১) ও তার মেয়ে ফাতেমা-তুজ জোহরা (১২)। এ ঘটনায় আহত হয়েছেন রুবি আক্তারের আরেক মেয়ে নাফিজা আক্তার (৬) ও অটোরিকশা চালক হুমায়ুন (৩২)।

ভোলাবো পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান জানান, গতকাল দুপুর ১টার দিকে বিরাব থেকে দুই মেয়ে ফাতেমা ও নাফিজাকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বাবার বাড়ি কালাদির উদ্দেশে রওনা হন রুবি আক্তার। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে গাজীপুরগামী নারিশ পোলট্রি ফিডের একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবি ও ফাতেমার মৃত্যু হয়। আহত হন রুবির ছোট মেয়ে নাফিজা ও অটোরিকশা চালক হুমায়ুন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

এদিকে নরসিংদীর পলাশে গাড়িচাপায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সকালে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গত সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিহত ফজলুল হক কুড়িগ্রামের বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। নরসিংদীর মাক্সকো গ্রুপে চাকরি করতেন তিনি। ঘটনার সময় মোটরসাইকেলে করে ঘোড়াশাল থেকে নরসিংদী যাচ্ছিলেন তিনি। পথে ঘোড়াশালের ভাগদী নামক এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

টাঙ্গাইলের ঘটনায় স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে তাহেরুল নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুর বাজারে যাচ্ছিলেন মানিক। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। আহত হন তাহেরুল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভূঞাপুর থানার ওসি আবদুল ওহাব জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।