ব্যাংকঋণে সিরামিক কোম্পানি কিনবে এসএস স্টিল

ব্যাংক থেকে ঋণ নিয়ে সিরামিক কোম্পানি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিটি জানিয়েছে, ৩০০ কোটি টাকার ব্যাংকঋণ নিয়ে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক নামের একটি সিরামিক কারখানার ৭৫ শতাংশ শেয়ার কিনবে।

এসএস স্টিল জানিয়েছে, ইতিমধ্যে ঋণ পেতে তারা বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। কয়েকটি ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মিলে ৩০০ কোটি টাকার এই ঋণ দিচ্ছে, যেখানে এই ঋণের লিড অ্যারেঞ্জার হবে সিটি ব্যাংক। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২০০ কোটি টাকা মেয়াদি হিসেবে এবং ১০০ কোটি টাকা চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) হিসেবে ঋণ নেবে কোম্পানিটি।

সাউথইস্ট ইউনিয়ন সিরামিক হচ্ছে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি সিরামিক কারখানা। খুলনায় অবস্থিত এই কারখানায় বছরে ৯ কোটি ৬৯ লাখ স্কয়ার ফুট সিরামিক উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই কারখানা কেনার সিদ্ধান্ত গত জানুয়ারি মাসে জানিয়েছিল এসএস স্টিল। এর মধ্যে বিশেষ সভা করে বিনিয়োগকারীদের কাছ থেকে এই বিষয়ে অনুমোদনও নিয়েছে।