চন্দ্রজয়ের অভিযাত্রী মাইকেল কলিন্স আর নেই

চন্দ্রজয়ী অ্যাপোলো-১১ মিশনের গুরুত্বপূর্ণ সদস্যের একজন মাইকেল কলিন্স আর নেই। গতকাল বুধবার রাতে নাসা এক বিবৃতিতে ৯০ বছর বয়সী এ চন্দ্রাভিযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবিসি তার পরিবারের এক বিবৃতির বরাতে বলেছে, ক্যানসারের কাছে হার মানতে হয়েছে তাকে।

টুইটারে মাইকেল কলিন্সের অফিশিয়াল অ্যাকাউন্টে এক বিবৃতিতে কলিন্সের পরিবার বলেছে, ‘মাইক সবসময়ই নম্রতা আর কমনীয়তার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলো গ্রহণ করেছেন। তিনি একইভাবে তার জীবনের শেষ চ্যালেঞ্জটিও গ্রহণ করেছেন।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৯৬৯ সালের ১৬ জুলাই মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় নাসার অ্যাপোলো-১১ অভিযানের চূড়ান্ত পর্ব। ২০ জুলাই চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েন এ অভিযানের তিন নভোচারীর একজন নিল আর্মস্ট্রং। এর কিছুপর চাঁদের বুকে দ্বিতীয় মানব হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। সে সময় চাঁদের চারপাশ ঘিরে কক্ষপথে মূল মহাকাশযান কমান্ড মডিউল কলাম্বিয়া নিয়ে একা চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। এই তিন নভোচারী আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফিরে আসেন।

কলিন্স মারা যাওয়ায় এখন চন্দ্রজয়ের মিশনের সদস্য বাজ অলড্রিন শুধু বেঁচে আছেন। নিল আর্মস্ট্রং আগেই মারা গেছেন।