হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা হাফেজ মো. হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির ওয়ারি বিভাগের উপকমিশানর আবদুল আহাদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। হাবীবুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বক্তা।
উপ-কমিশনার আবদুল আহাদ জানান, সম্প্রতি দেশব্যাপী হেফাজতের তা-ব জ্বালাও পোড়াও আন্দোলন ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সহিংসতায় সশরীরে উপস্থিত ছিলেন হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। এ ছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দেন। তাকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ‘তা-ব’ চালায় হেফাজত। ওই ঘটনার পর এ পর্যন্ত সংগঠনের ২০ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানরীর সাধারণ সম্পাদক মামুনুল হক দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে রয়েছন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব, যুবায়ের আহমেদ, জালাল উদ্দিন, সাখাওয়াত হোসাইন রাজী, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আজিজুল হক ইসলামাবাদী, ইলিয়াস হামিদী ও শরীফুল্লাহসহ ১৯ নেতাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।