ছয় মাস পর জামিনে মুক্তি পেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (বরখাস্ত) ইরফান সেলিম। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান ইরফান সেলিম। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় গত ১৮ মার্চ তাকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ গত ২৫ এপ্রিল আপিল বিভাগে বহাল থাকে। এ মামলায় গত বছর ২৫ অক্টোবর থেকে কারাগারে ছিলেন ইরফান সেলিম।
গত বছর ২৪ অক্টোবর রাতে ধানম-ির একটি সড়কে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিমের মোটরসাইকেলকে ইরফান সেলিমকে বহনকারী গাড়ির ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ইরফানের লোকজন ওই কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ করে ইরফান সেলিম, তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ধানম-ি থানায় মামলা করেন ওয়াসিম। ২৫ অক্টোবর পুরান ঢাকার চকবাজারের ২৬ দেবীদাস লেনে হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে ইরফান সেলিম ও জাহিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ইরফানের বাসা থেকে বিদেশি পিস্তল, মদ, বিয়ার, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ জাহিদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। মদ্যপান ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগে ইরফান ও জাহিদকে ছয় মাস করে এক বছরের কারাদ- দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইতিমধ্যে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ইরফান সেলিম। নৌকর্মকর্তাকে মারধরের মামলায় গত ১১ ফেব্রুয়ারি তিনিসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।