বাগেরহাটে নির্মাণাধীন বেড়িবাঁধে ট্রাক চালকের বিক্ষত মরদেহ

বাগেরহাটের শরণখোলা নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ড থেকে অহিদুজ্জামান সবুজ (৩২) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য বেড়িবাঁধ ইয়ার্ডের আরেক চালক শহীদুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই চালকের মরদেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে ওই ট্রাক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ট্রাক চালকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

অহিদুজ্জামান সবুজ শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নওয়াব হোসেন মধুর ছেলে।

আটক শহিদুল ইসলাম শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়দের বরাতে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, উপকুলীয় শরণখোলা উপজেলার বলেশ^র নদের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে ইয়ার্ডে কাজে এসে ট্রাক চালক অহিদুজ্জামানের মরদেহটি তার ট্রাকের চাকার পাশে শ্রমিকরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তার মৃত্যু দুর্ঘটনায় হয়েছে নাকি কেউ তাকে হত্যা করেছে তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। আমরা এই ঘটনায় ইয়ার্ডে কর্মরত আরেক ট্রাক চালক শহীদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।