জার্মানিতে কেয়ার ক্লিনিকে হামলায় নিহত ৪

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর পটসডামে একটি কেয়ার ক্লিনিকে হামলায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তারা জানান, হতাহতরা চরম সহিংসতার শিকার হয়েছেন। তবে পটসডাম শহরের পূর্বাঞ্চলে ঘটা এ হত্যাকাণ্ডের বিস্তারিত জানানো হয়নি।

হামলাকারী সন্দেহে ওই ক্লিনিকের ৫১ বছর বয়স্ক এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ ক্লিনিক ঘিরে রাখে। হামলার লক্ষ্য সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি তারা।

বান্ডেনবুর্গ রাজ্য পুলিশের এক মুখপাত্র জানান, গত বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওবার্লিন ক্লিনিক থেকে পুলিশ কর্মকর্তাদের ডেকে নেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে চার ব্যক্তিকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, হতাহতদের শরীরের ক্ষত থেকে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হতাহতরা ক্লিনিকটির রোগী বলে ধারণা করা হচ্ছে। আর আটক নারী সেখানকার একজন কর্মী।