কারাগারে করোনার বিস্তারে উদ্বেগ ফখরুলের

কারাগারে বন্দিরা করোনায় আক্রান্ত হওয়ায় এবং একজন বন্দি মারা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে করোনাকালে আদালতের কার্যক্রম বাড়াতে অধিক সংখ্যক বেঞ্চ গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল বৃহস্পতিবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রয়েছে। এরই মধ্যে কারাগারে বন্দিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। একই সঙ্গে একজন বন্দি মারা যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এতে করে বন্দি ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।’

তিনি বলেন, ‘কারাগারে যে পরিমাণ বন্দি আছে তাতে সেখানে করোনা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ অসম্ভব। তা ছাড়া কারাগারে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল এবং নাজুক। এ অবস্থায় সেখানে করোনাভাইরাসের বিস্তার ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশে কারাগারগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এমতাবস্থায় চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামি ছাড়া রাজনৈতিক কারণে যারা বন্দি, লঘু অপরাধে বন্দিদের মানবিক বিবেচনায় জামিনের বিষয়টি বিবেচনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। পাশাপাশি বেঞ্চসংখ্যা বাড়ানো হোক। দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো বন্দি মারা গেলে তাদের ফিরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না।’