অভিষিক্ত জয়াবিক্রমার রঙিন দিনে ব্যাকফুটে বাংলাদেশ

প্রাভিন জয়াবিক্রমার আন্তর্জাতিক অভিষেকটা হলো বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে। আর সেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট শিকার করলেন ২২ বছর বয়সী। এই বাঁহাতি স্পিনার তার বোলিং ঘূর্ণিতে বাংলাদেশকে রীতিমতো দুঃস্বপ্নই উপহার দিলেন। একই সঙ্গে পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষেই যেন ম্যাচের ভাগ্যও নির্ধারণ হয়ে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৫১ রানেই গুটিয়ে যায়। এর আগে সকালে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও সেটি তারা করেনি। প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ দিয়েছে তারা।

প্রথম ইনিংসের ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা অবশ্য তৃতীয় দিন শেষে ১৭ রান তুললেই ২ উইকেট হারিয়েছে। তবে এরই মধ্যে ২৫৯ রানের লিড পেয়ে গেছে দলটি।

শনিবার ৬ উইকেটে ৪৬৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা আর ২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই আসে ৯৮ রান। কিন্তু সেই দলটাকেই এক পর্যায়ে মনে হলো দিশাহারা। ৩ উইকেটে ২১৪ রান থেকে মাত্র ৩৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অল আউট হলো দলটি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তামিম ইকবাল। এদিনও ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন বাঁহাতি ওপেনার। ৯২ রান করে আউট হন তিনি।

এর আগে সাইফ হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করেন। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৫২ রান।

ওপেনিংয়ে তামিমের সঙ্গী সাইফ এদিন ২৫ রান করেন। তার বিদায়ের পর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত পারেননি রানের খাতা খুলতে।

মুমিনুল হক ও মুশফিকুর রহিম উইকেটে সেট হয়ে গিয়েও নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি। মুমিনুল ৪৯ ও মুশফিক ৪০ রানে কাটা পড়েন।

এরপর নিমিষেই শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস। লিটন দাস ৮, মেহেদী হাসান মিরাজ ১৬ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাইজুল ইসলাম করেন ৯ রান। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে অপরাজিত ছিলেন আবু জায়েদ রাহি।

শ্রীলঙ্কার পক্ষে প্রাভিন জয়াবিক্রমা ৩২ ওভার বল করে ৯২ রান খরচায় নেন ৬ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমাল ও রমেশ মেন্ডিস।

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দোকে হারিয়েছে। তৃতীয় ওভারে ২ রান করা থিরিমান্নেকে ফিরিয়ে দেন মিরাজ। ১ রান করে ফার্নান্দো তাইজুলের শিকার হন।

অধিনায়ক দিমুথ করুনাতন্নে ১৩ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১ রান নিয়ে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।