ফারুকী জেনে ফেলেছেন জন্মদিনের সারপ্রাইজ

বিখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন রবিবার। স্বভাবতই পারিবারিক কিছু আয়োজন থাকছে। যার কেন্দ্রে আছেন নির্মাতার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ফারুকী জানালেন, বিশেষ এ দিনে তাকে চমকে দেওয়ার ব্যবস্থা করেছেন তিশা। কিন্তু বিষয়টা আর গোপন থাকেনি।

ফেইসবুক পোস্টোর মাধ্যমে শনিবার দিবাগত রাতে এ কথা জানান তিনি। সঙ্গে পোস্ট করেন জন্মদিনের আয়োজনের দুটি সাদাকালো ছবি।

‘পিঁপড়াবিদ্যা’-খ্যাত পরিচালক লেখেন, “জীবন কঠিন! কেবল ভালোবাসাই এই কঠিন দুর্বহ জীবনটারে আনন্দময় করে তোলে! আমি সৌভাগ্যবান আপনাদের ভালোবাসা পেয়ে!

আরও একটা জন্মদিন মানে আপনাদের সাথে আরও একটা বছর! দোয়া করবেন যেন সুস্থ এবং আনন্দে থাকি!”

এরপর এলেন ‘সারপ্রাইজ’ প্রসঙ্গে, “আজকের জন্মদিনে আমি ভাবতেছিলাম এবার কী সারপ্রাইজ দেয় তিশা! যদিও সে আপাতত কেবল ঘরোয়া কেকের মাধ্যমেই লকডাউন জন্মদিন আয়োজন করেছে! কিন্তু আমি গোপনে জেনে ফেলেছি আমার জন্য কী সারপ্রাইজ আসছে! এটা আবার আপনারা কেউ তাকে বলবেন না!”

না, ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা জানতে পারল না কী সেই সারপ্রাইজ। দেখা যাক, ফারুকী সে কথা প্রকাশ করেন কিনা!

এ দিকে নিজের ফেইসবুকে ছবি প্রকাশ করে তিশা লিখেছেন, “মোস্তফা সরয়ার ফারুকী,  তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।”

ফারুকীর ‘শনিবার বিকেল’ বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দুই বছর ধরে আটকে আছে বাংলাদেশের সেন্সর বোর্ডে। পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এর কাজ শেষ, এখন মুক্তির অপেক্ষা। এ ছাড়া ঘোষণা দিয়েছেন ‘আ বার্নিং কোশ্চেন’ নামের আরেকটি চলচ্চিত্রের। বানাচ্ছেন বিজ্ঞাপন-ওয়েব সিরিজও।