গত কয়েক বছর ধরে ফ্যানক্লাব থেকে কেক কাটা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে যায় শুভেচ্ছাবার্তায়। তবে এবার দেবের জন্মদিনে কেক কাটা হয়নি বাংলাদেশে। তবে এই প্রজন্মের অভিনেতারা নিজেদের সাজিয়ে নিলেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির একটি পোশাকের অনুকরণে।
লাল-সাদা পোশাক। সঙ্গে মানানসই ‘হুডি’। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার ওই হিট ছবির টাইটেল গানে এমনই একটি পোশাক পরতে দেখা গিয়েছিল দেবকে। বড়দিনে এই ধরনের পোশাকেই সেজে ওঠেন সান্টাক্লজও। উৎসবের আমেজ উস্কে দিতেই এই বিষয়টিকে মাথায় রেখেছিলেন ফ্যাশন ডিজাইনার ইমরুল। তিনি বেছে নেন দেবের ওই পোশাক। নতুন করে তৈরি করেন সেটি। ফ্যাশন ডিজাইনারের পোশাকে সেজে ওঠেন ছোটপর্দায় জনপ্রিয় মুখ ফররুখ আহমেদ রেহান, তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, সাদনিমা বিনতে নোমান।
ফ্যাশন ডিজাইনার ইমরুল বলেন, ‘আমিও ছোট থেকে বড় হয়েছি দেবদার ছবি দেখে। যে ছবির পোশাক নতুন করে বানিয়েছি, সেটি আমারও প্রিয়। সব সময়েই ইতিবাচক কিছু করার চেষ্টা করেছি। সেই থেকেই এই পদক্ষেপ। আমার দেশের অভিনেতারাও সেটি উপলব্ধি করতে পেরেছেন। তাই তারাও সহযোগিতা করেছেন।’
