আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়কে লাশ হলেন পরিবারের ৪ জন

ছেলেমেয়ে ও ননদকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আত্মীয়ের লাশ দেখতে পাশের গ্রামে যাচ্ছিলেন এক নারী। পথে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই চারজনের সবাই নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অটোরিকশা চালকও। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রবিবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার রূপচেঙ গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার ছেলে শাহাদাৎ হোসেন (৪), মেয়ে সাবিয়া বেগম (৭), ননদ হাবিবুন্নেছা (৩৩) ও অটোরিকশাচালক একই উপজেলার পাখিবিল গ্রামের হোসেন আহমদ (৩৫)।

স্থানীয়রা জানান, সাদিয়া বেগমের এক আত্মীয় গত শনিবার রাতে মারা যান। ওই আত্মীয়কে দেখতে গতকাল ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে পরিবারের সদস্যদের নিয়ে পাশের পাখিবিল গ্রামে রওনা হন সাদিয়া বেগম। কিন্তু ফেরিঘাট এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক ফেরিঘাট এলাকায় পাখিবিল গ্রামের লিংকরোড থেকে মহাসড়কে ওঠার মুহূর্তে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক, দুই শিশু ও দুই নারী নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ছাড়া গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানী ঢাকাসহ দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় তিন সবজি ব্যবসায়ী, ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন, খুলনায় বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী, চট্টগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী,  ময়মনসিংহে পিকআপ চাপায় এক নারী, কিশোরগঞ্জে টমটমের চাপায় এক শিশু,  পটুয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যক্তি ও ভোলায় ট্রাকচাপায় এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

নারায়ণগঞ্জ : সেনারগাঁয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে তিন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার আমদী গ্রামের কবির হোসেন (৩৮), নাজিরপুর এলাকার আমির মিয়া (৪৪) ও ঠোটালিয়া গ্রামের আল আমিন (৩৪)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, পিকআপ ভ্যানে সবজি নিয়ে ঢাকার যাত্রাবাড়ী যাওয়ার পথে সনমান্দী এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সেটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা : রাজধানীর ভাটারা নতুন বাজার ও যাত্রাবাড়ীর কাজলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে ভাটারা নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে ঘটনার সময় রিকশায় করে বাসায় ফিরছিলেন জিয়াউর রহমান (৪২)  নামে এক ব্যক্তি। পথে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।

খুলনা : বাসের ধাক্কায় শাহাবুদ্দীন মোড়ল ওরফে শিহাব (৩৪) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল গ্রামের ফুলতলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিহাব যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল দুপুর দেড়টার দিকে ফুলতলা ফিলিং স্টেশনের সামনে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী শিহাব আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

চট্টগ্রাম : সীতাকুণ্ডে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বদিউল আলম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার বার আউলিয়া ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বদিউল ওই এলাকার প্রয়াত আহম্মদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৪টার দিকে ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে পথচারী বদিউল আলমকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ : ভালুকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় লক্ষ্মী রাণী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি পিকআপ লক্ষ্মী রাণীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ : নিকলীতে শ্যালোইঞ্জিনচালিত টমটমের চাপায় তাসমির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার গুরুই ইউনিয়নের নতুন বাজার চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে রাস্তায় খেলছিল তাসমির। এ সময় চালভর্তি একটি টমটম তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, ময়নাতদন্তের জন্য শিশুর লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পটুয়াখালী : ফতুল্লায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত ও অপূর্ব নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে গলাচিপা থেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন জয়ন্ত ও অপূর্ব। পথে আউলিয়াপুরের ফতুল্লা বাজারসংলগ্ন স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধারের পর মর্গে পাঠায় পুলিশ।

ভোলা : বোরহানউদ্দিনে ট্রাকচাপায় আকলিমা (৩৫) নামে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন মোড়ের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আকলিমা ঝালকাঠি জেলার বাসিন্দা ও ভোলার বোরহানউদ্দিন থানার এএসআই পদে কর্মরত ছিলেন। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।