ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারবে না

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মানুষ যুদ্ধ করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। কিন্তু মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মানুষ খুব বেশি ভাবেনি এবং স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ করতে তেমন কোনো পরিকল্পনাও নেয়নি। এবারের করোনা মহামারীতে বিশ্ব বুঝতে পেরেছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ কতটা জরুরি একটি বিষয়। করোনা দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ছাড়া এ পৃথিবীতে মানুষ বেশিদিন বাঁচতে পারবে না।’

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশেও স্বাস্থ্যসেবা খাতে বাজেট অনেক কম। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধিসহ বিনিয়োগও বৃদ্ধি করতে হবে। প্রতিবেশী দেশ ভারতের করোনার ভয়াবহ অবস্থা হয়েছে। ভারত থেকে এই ভাইরাস আমাদের দেশেও চলে আসতে পারে। এ কারণে আগামীতে স্বাস্থ্য খাতের সকল পর্যায়ের কর্মীদের সতর্কতার সঙ্গে সেবা প্রদান অব্যাহত রাখতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনার ১ম ঢেউ আমরা সফলভাবে সামলিয়ে নিয়েছিলাম। মানুষের স্বাস্থ্যবিধিতে ব্যাপক অনীহা ও অবহেলার কারণে দেশে করোনায় ২য় ঢেউ এসেছে। এখন ২য় ঢেউ কিছুটা কমে যাচ্ছে। তবে ১ম ঢেউয়ের পর যেভাবে মানুষ স্বাস্থ্যবিধির প্রতি উদাসীন হয়েছিল সেই ঘটনা আবার ঘটতে দিলে খুব দ্রুতই দেশে ৩য় ঢেউ চলে আসতে পারে।’