ভারতীয় করোনার জেনোম সিকোয়েন্স করেনি বাংলাদেশ

করোনাভাইরাসের ভারতীয় নতুন ধরন বাংলাদেশে এসেছে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ভার্চুয়াল সংবাদ বুলেটিনে এ কথা বলেন।

ডা. নাজমুল জানান, ভারতফেরতদের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের নমুনা জেনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হচ্ছে। যাদের পজিটিভ পাচ্ছি তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। জিনোম সিকোয়েন্সের জন্য একটু সময় লাগে।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ কমতে শুরু করেছে। আমরা যদি সর্বশেষ গতকাল (রবিবার) পর্যন্ত দেখি, শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে করে আমাদের আত্মতুষ্টি বা করোনা চলে গেছে, এ রকম ভাবার সুযোগ নেই। এখন ঈদকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে আবার করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি যে, বিভিন্ন শপিং মলে, দোকানে মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। অনেকেই ঈদের বাজার করতে বের হচ্ছেন। সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যে স্বাস্থ্যবিধি মানার কথা ছিল, সেটি করা হচ্ছে না। মনে রাখতে হবে স্বাস্থ্যবিধি পালনে অবহেলা করছেন মানেই কিন্তু আপনারা আশপাশ থেকে সংক্রমিত হয়ে পরিবার ও নিকটজনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, ‘আমরা যে বিধিনিষেধের কথা বলছি, এটা কিন্তু আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে। কাঁচাবাজার, দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্ট কর্র্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকে যদি বিধিনিষেধগুলো প্রতিপালন করেন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখেন এবং নিজেরা সচেতন থাকেন তাহলে কাজটি সহজ হয়ে যায়।’