কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রতনের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ওই যুবক ডাকাত দলের একজন সদস্য ছিলেন। এদিকে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সাক্রাতুল ইসলাম জানান, দুই দল ডাকাত ওই এলাকায় একই সঙ্গে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পায় পুলিশ। পরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমতাবস্থায় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে দুটি রামদা ও লাঠিসোঁটাও জব্দ করা হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।