চট্টগ্রামে ২২১ জন বীর মুক্তিযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীনে থাকা এসব বীর মুক্তিযোদ্ধার নগরীর দারুল ফজল মার্কেটে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে উপহারসামগ্রী দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশনায় উপহারসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট সেমাই ও একটি লুঙ্গি।
মুক্তিযোদ্ধাদের এসব উপহারসামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দের সঞ্চালনায় উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ও মুছা নাছের চৌধুরী, নগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি ও সংগঠনের নগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে নগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন সব থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।