স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হেফাজত নেতাদের

সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে ফের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানম-িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে যায় হেফাজতের সাতজনের প্রতিনিধিদলটি। বৈঠকে তারা সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবি মন্ত্রীকে জানিয়েছেন।

জানা গেছে, হেফাজত নেতারা মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান। বের হন রাত ১২টার দিকে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদি, হেফাজত নেতা ও বেফাকের মহাসচিব মাহফুজুল হক, গাজীপুরের কাপাসিয়ার অধ্যক্ষ মো. মিজানুর রহমান চৌধুরী এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার আতাউল্লাহ হাফিজি। মাহফুজুল হক গ্রেপ্তার হওয়া হেফাজত নেতা মামুনুল হকের ভাই।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বের হয়ে সেখানে উপস্থিত সাংবাদিকেদের নুরুল ইসলাম জেহাদি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফর ঘিরে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের পর সরকার হেফাজতে ইসলামের বিষয়ে কঠোর অবস্থানে যায়। প্রায় মাসখানেক ধরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এর আগেও হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গ্রেপ্তার অভিযান বন্ধের দাবি জানিয়েছিলেন। সর্বশেষ গত রবিবার রাতে হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।