বগুড়ার শাজাহানপুরে এক মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মোজাফফর হোসেন (৬০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
মোজাফফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলাসংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। তিনি নিশিন্দারা এলাকায় করে হত্যা দারুল হেদাইয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে কবিরাজি পেশাতেও যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছে তিনি বাবা হুজুর নামে পরিচিত।
স্থানীয়রা জানায়, মোজাফফর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা মোজাফফরকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পাশে একাধিক গুলির চিহ্ন দেখা গেছে।
সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফফর হোসেন নিশিন্দারা এলাকায় অবস্থিত দারুল হেদাইয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকলেও কবিরাজি পেশাতেও যুক্ত ছিলেন। ওই মাদ্রাসায় কর্মরত থাকার কারণে তিনি বেশ কিছুদিন ধরে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ওই অটোরিকশায় এক নারী ও এক পুরুষ যাত্রীও ছিলেন। ঘটনার কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।