যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে। ওয়াশিংটনের সরকারি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯-এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।
চলতি সপ্তাহের শেষ নাগাদ বা আগামী সপ্তাহের শুরুতে ফাইজারের টিকাকে সবুজ সংকেত দিতে পারে এফডিএ। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে। এরপর ওই বয়সী কিশোর-কিশোরীদের ওপর চালানো ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল খতিয়ে দেখবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পরীক্ষা-নিরীক্ষার পর সংস্থাটি ছাড়পত্র দিলে টিনএজারদের মধ্যে টিকার প্রয়োগ শুরু হবে। টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ওষুধ প্রশাসনের এক মুখপাত্র।
১২ থেকে ১৫ বছর বয়সী টিনএজারদের মধ্যে টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হলে যুক্তরাষ্ট্রে আরও ১ কোটি ৩০ লাখ মানুষ টিকা নেওয়ার উপযুক্ত হবেন। ফলে শিশু-কিশোরদের স্কুলে ফিরিয়ে আনতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ফাইজারের দাবি, তারা ২ হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবীর ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছে এবং এতে টিকার কার্যকারিতা ১০০ শতাংশ। এছাড়া টিকা নেওয়া টিনএজাররা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বা মারাত্মক অসুস্থতা থেকেও রক্ষা পাচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। টিকাদানে বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে আছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি।