যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগেই শরণার্থী প্রবেশ নিয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। ক্ষমতায় বসার পর তিনি শরণার্থী প্রবেশে ট্রাম্পের বেঁধে দেওয়া সীমা বহাল রাখার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু এ নিয়ে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে আগের বেঁধে দেওয়া সংখ্যা চারগুণের বেশি বাড়িয়ে এ বছর যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ১৫ হাজার শরণার্থীর সীমা বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। তবে নিজ দলের নেতা ও শরণার্থী অধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, মে মাসে তিনি এই সংখ্যা সংশোধন করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত সোমবার এক বিবৃতিতে দেন বলে জানিয়েছে এএফপি।
ক্ষমতাসীন ডেমোক্র্যাট নেতা বাইডেন বলেন, ‘আগের প্রশাসন ঐতিহাসিকভাবে সবচেয়ে কম ১৫ হাজারের যে সীমা দিয়েছিল, সেটা শরণার্থী সহায়ক জাতি হিসেবে আমেরিকার মূল্যবোধকে প্রতিফলিত করে না। বিশ্বের বিভিন্ন স্থানে যারা অনেক ভোগান্তির পর উদ্বেগের সঙ্গে নতুন জীবন শুরুর অপেক্ষায় আছেন, তাদের মন থেকে দীর্ঘদিনের সংশয়কে দূর করার জন্য আজকের এই পদক্ষেপ খুবই জরুরি ছিল।’