হাসপাতাল থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল দম্পতির

ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা শেষে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন এক বৃদ্ধ। পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ও তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের এক ছেলেসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবদুস সাত্তার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫)।

নিহত দম্পতির আহত ছেলে শান্তারুল ইসলাম বলেন, ‘মা ক্যানসারের রোগী ছিলেন। রাজশাহীতে তার চিকিৎসা শেষে বাবাসহ আত্মীয়দের নিয়ে মাইক্রোবাসে করে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলাম আমরা। কিন্তু ইটভাটার মাটি পড়ে সড়ক কর্দমাক্ত ও পিচ্ছিল হওয়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মা ও বাবা মারা যান।’ স্থানীয়দের অভিযোগ, মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের অধিকাংশ রাস্তা এখন মাটি পড়ে বেহাল অবস্থা। প্রভাবশালী ইটভাটা মালিকরা অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে করে নেওয়ার সময় সেই মাটি রাস্তায় পড়ে

রাস্তা পিচ্ছিল ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রশাসনকে বহুবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম জানান, মাটি ফেলে রাস্তা নষ্ট করার অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া গত সোমবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত তিন জেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে পৃথক দুর্ঘটনায় তিনজন, নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী স্বাস্থ্যকর্মী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে লেগুনার ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

নোয়াখালী : পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সকাল ৯টার দিকে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের গোপালপুর পাম্প এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-মাইজদী সড়কের একলাশপুর এলাকায় অপর একটি পিকআপ ভ্যানের চাপায় আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও নূর নবী (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করা হয়েছে।

নড়াইল : কালিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যা রানী ম-ল (৬০) নামে এক নারী স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা রানী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় স্বামীর মোটরসাইকেলে চড়ে কর্মস্থল চাঁচুড়ী এলাকায় যাচ্ছিলেন সন্ধ্যা রানী। পথে ভবানীপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ : শাহজাদপুরে লেগুনার ধাক্কায় পিয়াস (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার পাড়কোলা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় পাড়কোলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন পিয়াস। এ সময় দ্রুতগামী একটি লেগুনা পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।