১৯ এপ্রিল কোচের পদ থেকে হোসে মরিনহোকে বরখাস্ত করে টটেনহ্যাম হটস্পার। এরপর মরিনহোর নতুন ঠিকানা কোথায় হতে পারে তা নিয়ে চলছিল আলোচনা। মৌসুম শেষ হওয়ার আগেই জানা গেল মরিনহোর নতুন ঠিকানা। আগামী মৌসুম থেকে ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্ব নেবেন পর্তুগিজ এই কিংবদন্তি। তিন বছরের জন্য রোমার সঙ্গে মরিনহো চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিটি স্পোর্টস।
মরিনহোকে কোচ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে রোমা জানায়, বর্তমান কোচ পাউলো ফনসিকা মৌসুম শেষে দল ছাড়বেন। সেই ঘোষণার দুই ঘণ্টা পর কোচ হিসেবে জুভেন্তাসের সাবেক কোচ মউরিসিয়ো সারির নাম শোনা যায় গণমাধ্যমে। কিন্তু পরে রোমাই জানায় তাদের কোচ হচ্ছেন ‘দ্য স্পেশাল ওয়ান’।
পর্তুগালের বাইরে কোচিং ক্যারিয়ারে এ নিয়ে সপ্তম ক্লাবের দায়িত্ব নিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। ২০০৪ সালে চেলসি দিয়ে শুরু। ২০০৮ সালে ইন্তার মিলানের দায়িত্ব নিয়ে টানা তিন বছর সিরি আ চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দলটিকে। এরমধ্যে শেষবার চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন মরিনহো। গতকাল রোমার দায়িত্ব নেওয়ার পর ৬৩ বছর বয়সী মরিনহো বলেছেন, ‘ক্লাব মালিকের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি রোমার আকাক্সক্ষার কথা। এরকম আকাক্সক্ষা আর ইচ্ছাশক্তিই আমাকে অনুপ্রাণিত করে। রোমার সমর্থকদের অসাধারণ আবেগ আমাকে এই দায়িত্ব নিতে বাধ্য করেছে। আমি নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছি।’
চলতি সিরি আ’তে রোমা ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্টে সাত নম্বরে আছে। ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে তারা, যদিও প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-৬ গোলে হেরে বসেছে তারা। তিন বার সিরি আ জেতার কীর্তি আছে তাদের, সবশেষটি ২০০০-০১ মৌসুমে। ৯ বার কোপা ইতালিয়া, দুবার সুপার কোপা জিতেছে। এছাড়া একবার করে ইউরোপিয়ান কাপ ও উয়েফা কাপ রানার্সআপ হয়েছে তারা।