যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফেইসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন কি না, সে বিষয়ে কয়েক ঘণ্টা পর সিদ্ধান্তের কথা জানাবে কোম্পানিটির তদারকি বোর্ড।
ক্যাপিটল হিলে হামলার পর থেকে ট্রাম্প বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ অবস্থায় আছেন। কোনো ধরনের পোস্ট করতে পারছেন না।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) এ বিষয়ে ঘোষণা আসবে।
ট্রাম্প ফেইসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও নিষিদ্ধ।
অন্য কোম্পানি টুইটারেও নিষিদ্ধ। পরে বাধ্য হয়ে এই মঙ্গলবার নতুন একটা ওয়েবসাইট খুলেছেন। নিজের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে।
ফেইসবুকের তদারকি বোর্ডকে সর্বময় ক্ষমতার অধিকারী বলা হয়। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কয়েক জন খ্যাতনামা বিচারক বোর্ডটিতে আছেন। সিইও মার্ক জাগারবার্গের সিদ্ধান্তও তারা পাল্টে দিতে পারেন।
ফেইসবুক জানিয়েছে, ট্রাম্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল গত মাসে। কিন্তু ৯ হাজার অন্য অভিযোগের সিদ্ধান্ত দিতে দিতে সময় পেরিয়ে যায়।
ফেইসবুকের এই কমিটি হওয়ার পর সবচেয়ে বড় সিদ্ধান্ত আসছে ট্রাম্পের বিষয়েই। কমিটি যে সিদ্ধান্ত জানাবে তার বিরুদ্ধে ট্রাম্প যেমন আর আবেদন করতে পারবেন না, তেমনি ফেইসবুকের কোনো কর্মীও চ্যালেঞ্জ করতে পারবেন না।
বুধবারের রায়ের পাশাপাশি তদারকি বোর্ড ফেইসবুককে কিছু পরামর্শ দেবে।
পরামর্শ বাস্তবায়নের জন্য সাতদিন সময় পাবে কোম্পানিটি। আর ৩০ দিনের মধ্যে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে হবে।