করোনার সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য মাঝপথে স্থগিত হয়ে গেছে চলতি আইপিএল। ফলে ‘বিপদে’ পড়েছেন এই ফ্র্যাঞ্জাইজি লিগে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফরা।
অস্ট্রেলিয়া সরকার তাদের নাগরিকদের ভারত থেকে দেশে ফেরার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ভয়াবহ হয়ে ওঠা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস আটকাতে দেশটির সরকার ঘোষণা দিয়েছে, ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় ফিরলে জরিমানার পাশাপাশি ৫ বছরের কারাভোগ করতে হবে ওই ব্যক্তিকে।
আর এই ঘোষণাতেই মুশকিলে পড়েছেন অজিরা। খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার, সাপোর্ট স্টাফ মিলিয়ে আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন ৪০ জন অস্ট্রেলিয়ান। এখন তারা জরিমানা ও কারাভোগ এড়াতে ভারত থেকে একযোগে যাচ্ছেন মালদ্বীপে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর ফিরবেন দেশে।
আইপিএল স্থগিত হওয়ার আগে ভারতে করোনা সংক্রমণ বাড়ায় আগেই দেশে ফেরত গিয়েছিলেন তিন অজি ক্রিকেটার অ্যান্ড্র টাই, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। কিন্তু ভারতে রয়ে যান প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, রিকি পন্টিং, সাইমন ক্যাটিচসহ বাকিরা।