শরীয়তপুরে ট্রলার থেকে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটের সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং বানিয়াল ঘাট এলাকার পদ্মা নদীর পাড় একটি ট্রলার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম সুজন মাতুব্বর (৩৩)। তিনি ফরিদপুর সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর গজারিয়া গ্রামের মৃত তোতা মাতুব্বরের ছেলে।
শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশে পুলিশের একটি দল বানিয়াল ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে অভিযান চালায়।
পরে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা চারটি বস্তার ভেতর ২৫টি প্যাকেটে ৫০ কেজি গাঁজাসহ সুজন মাতুব্বরকে আটক করেন।
এসব গাঁজার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিন সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সুজন মাতুব্বরের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সুজনের সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মাদক ব্যবসায়ীরা আন্তর্জাতিক মাদক ব্যবসার সদস্য। সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।