ব্যাগ ধরে হেঁচকা টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মতিঝিলে ভ্যানিটি ব্যাগ ধরে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। স্বামী সুজন চন্দ্র দাসের সঙ্গে তিন সন্তান নিয়ে মুগদার ঋষিপাড়া এলাকায় থাকতেন। নিহত সুনিতা রানী দাস মুগদার বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

নিহতের ভাগিনা সুজিত দাস জানান, গত মঙ্গলবার খালা সুনিতা রানী তার ডেমরার বাসায় যান। সেখান থেকে গতকাল বুধবার ভোরে রিকশাযোগে শান্তিনগর যাচ্ছিলেন। সঙ্গে তিনিও ছিলেন। শান্তিনগরে একটি দোকানে তাকে কাজে দেবেন বলে তার খালা আগে থেকে কথা বলে রেখেছেন। ভোর ৬টার দিকে তাদের আরোহী রিকশাটি কমলাপুর বাস ডিপোর সামনে পৌঁছালে সাদা রঙের একটি প্রাইভেটকারে থাকা দুই ছিনতাইকারী তার খালার কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। তখন রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুনিতা রানী। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে প্রাইভেটকারযোগে পালিয়ে যায়। গুরুতর আহত সুনিতা রানীকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  নেওয়া হলে বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুমন চন্দ্র দাস জানান, সুজিতকে কাজ বুঝিয়ে দেওয়ার পর সেখান থেকে মন্দিরের কাজে যাওয়ার কথা ছিল তার মায়ের। কিন্তু পথিমধ্যে ছিনতাইকারীরা তার মায়ের জীবন কেড়ে নিল। এ ঘটনায় তিনি মামলা করবেন। চিকিৎসকরা বলছেন, সুনিতা রানী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে মাথার আঘাত গুরুতর। এতেই তার মৃত্যু হতে পারে।

মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাইভেটকারটি শনাক্তের জন্য আশপাশের সিসিটিভির ভিডিও সংগ্রহ করা হচ্ছে।

২০১৮ সালের ২৬ জানুয়ারি ভোরে রাজধানীর ধানম-িতে ছিনতাইকারীর কবলে পড়ে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। হেলেনা তার স্বামী মনিরুল ইসলামের সঙ্গে ধানম-ির ৬ নম্বর রোড এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার থেকে হেলেনার ব্যাগ ধরে টান দেয় কয়েক ছিনতাইকারী। এতে গাড়ির জানালায় হাত আটকে গিয়ে জানালার সঙ্গে ঝুলতে থাকেন তিনি। প্রায় ২০ গজ দূরে যাওয়ার পর হেলেনা ছিটকে পড়েন রাস্তায়। দ্রুতগামী গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান হেলেনা। ওই ঘটনায় পুলিশ পরে ছিনতাইকারীদের আটক করে।