ভারত থেকে টিকা না এলে টাকা ফেরত পাব : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে টাকা ফেরত পাওয়া যাবে। কারণ লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করা হয়েছে। কোনো দেশ টাকা মেরে দেয় না।  

গতকাল বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কামাল বলেন, ‘সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসবে না সেটাও তো আমরা জানি না। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা যখন চূড়ান্তভাবে জানতে পারব যে ভ্যাকসিন আসবে না, তখন চূড়ান্তভাবে এটি নিয়ে কথা বলতে পারব।’

কীভাবে টাকা ফেরত পাওয়ার যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত পাব। এভাবে কোনো দেশ কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছি। এটা তো গোপন কোনো কাজ নয়। কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, সুতরাং কন্ট্রাক্টচুয়াল ডিভিশন তাদেরও আছে আমাদেরও আছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। আমরা অন্যান্য সোর্সেও চেষ্টা করছি ভ্যাকসিনের জন্য।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি আমরা একটা সোর্সের ওপর নির্ভর করব না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেশের মানুষের জীবন-মরণ নিয়ে প্রশ্ন। সুতরাং এখানে আমরা শুধু একটি সোর্সের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলে হবে না। তাই এর পাশাপাশি আরও বিভিন্ন সোর্স থেকে যারা ভ্যাকসিন তৈরি করে এবং যারা গ্রহণযোগ্য, যাদের ভ্যাকসিনে কোনো আশঙ্কা নেই সে সকল কোম্পানি থেকেও আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য চেষ্টা করছি।’

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিতে যেসব শর্ত থাকে সকল শর্তই এই চুক্তিতে আছে। আমরা এখনই একদম ঘোষণায় চলে যেতে চাই না যে, তাদের সঙ্গে যে চুক্তি করেছিলাম সেই ভ্যাকসিন আসবে না, এমনটি আমরা বলিনি। তারাও এখনো বলেনি যে তারা দেবে না।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এর্বং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করুন। তিনি প্রতিনিয়ত এটি নিয়ে কাজ করেন, তিনি আপনাদের ভালোভাবে বলতে পারবেন।’