খুলনা নগরীতে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীতে নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানাধীন ১নং বয়রা ক্রস রোডে এ ঘটনা ঘটে। নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এসএম শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ১নং বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে অপেক্ষা করছিলেন নেওয়াজ। সেখানে ১০-১২ জন এসে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে যায়, পরে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, নগরীর বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নেওয়াজ মোর্শেদ নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ চারটি মামলা রয়েছে।