আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে আজকে সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা দেন মন্ত্রী।
আখাউড়া প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এই আয়োজন করেন।
অনুষ্ঠানে আখাউড়া পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়নের ১ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই এক লিটার তেল ও এক কেজি পেঁয়াজ।
আইনমন্ত্রী বলেন, আজকে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে লকডাউনে থাকতে হচ্ছে। যাতে কভিড- ১৯ ছড়িয়ে না যায় মানুষ যাতে আক্রান্ত না হয়। সেই সব কারণে চাকরি-ব্যবসাসহ বিভিন্ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই কারণেই রোজার সময় আপনাদের যেন কষ্ট না হয় সেটা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন।
আইনমন্ত্রী আরও বলেন, এই করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলবেন, মাস্ক পরবেন, বাইরে থেকে এসে হাত ধুবেন। এই সব নির্দেশনাগুলো প্রতিপালন করলে আমার বিশ্বাস এই মহামারি থেকে আমরা পরিত্রাণ পাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, নাছরিন সফিক আলেয়া, আখউড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।