প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন তখনও বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিয়োজিত ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে সরকার গঠন করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। যার ফলে আজকে সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আখাউড়া প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এ আয়োজন করে। অনুষ্ঠানে আখাউড়া পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক লিটার তেল ও এক কেজি পেঁয়াজ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম।
আইনমন্ত্রী আরও বলেন, রমজান সিয়াম সাধনার মাস। রমজান শেষে ঈদুল ফিতর হলো আমাদের আনন্দের দিন। সে কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারসামগ্রী পাঠিয়েছেন।
তিনি বলেন, আজকে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের লকডাউনে থাকতে হচ্ছে। যাতে কভিড-১৯ ছড়িয়ে না যায়। মানুষ যাতে আক্রান্ত না হয়। সেসব কারণে চাকরি-ব্যবসাসহ বিভিন্ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সে কারণেই রোজার সময় আপনাদের যেন কষ্ট না হয় সেটা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। কভিড-১৯ মহামারীর কারণে আমি আপনাদের কাছে আসতে পারছি না। মনে রাখবেন এ সংগ্রামে আপনারা একা নন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি আপনাদের পাশে আছি।
আইনমন্ত্রী আরও বলেন, এ করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলবেন, মাস্ক পরবেন, বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলবেন। এসব নির্দেশনাগুলো প্রতিপালন করলে আমার বিশ্বাস এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া, নাছরিন সফিক আলেয়া, আখউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, মো. জালাল উদ্দিন, মো. কামাল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।