আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে নিমাত রাওয়ান নামে সাবেক সংবাদ উপস্থাপক ও অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে হত্যা করা হয় বলে খবর দিয়েছে রয়টার্স।
নিমাত রাওয়ান আফগানিস্তানের সর্ববৃহৎ বেসরকারি টেলিভিশন টোলোনিউজের সংবাদ উপস্থাপক ছিলেন।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জামাল নাসের জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ হত্যার দায় স্বীকার করেনি।
গত কয়েক মাস তালেবানরা দেশটিতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিচারক ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। মূলত ভীতি ছড়ানোর জন্য তারা এ পদ্ধতির আশ্রয় নিয়েছে।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে। এমন প্রেক্ষাপটে গতকাল দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ বাগলানের আরেকটি জেলার দখল নিয়েছে তালেবান। এর ফলে বাগলানের দুটি জেলা এখন তাদের দখলে।
সরকার বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬টি প্রদেশে তালেবানদের হামলায় ৫০ জনের বেশি নিরাপত্তাকর্মী হতাহত হয়েছে। বিপরীতে নিরাপত্তা বাহিনী ডজনখানেক তালেবান সদস্যকে হত্যা করেছে।