বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এস এম মাসুদ পারভেজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম শহরের মেহেদীবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাতে নামাজ পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাসুদ পারভেজ। এ সময় তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।
ডা. মাসুদ পারভেজ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. একলাস উদ্দিনের একমাত্র ছেলে।
শুক্রবার সকাল ১০টায় চমেক প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা ও সকাল ১১টায় সীতাকুণ্ড সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে।
জুমার নামাজের পর নিজ বাড়ি সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।