করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করার বিষয়ে পরস্পরবিরোধী অবস্থান নিল যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র এ টিকার মেধাস্বত্ব ছাড় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) জানালেও জার্মানি জানিয়েছে, এ মেধাস্বত্ব থাকতে হবে।
জার্মানি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেধাস্বত্ব রক্ষা করা উদ্ভাবনের উৎস এবং এ মেধাস্বত্ব অবশ্যই সংরক্ষণ করতে হবে। জার্মানির এ অবস্থান টিকা সহজলভ্য করার যে প্রক্রিয়া, তা কঠিন করে ফেলছে। কারণ, দেশটির টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজারের টিকা বিশ্বজুড়েই ব্যবহার হচ্ছে।
শুধু যুক্তরাষ্ট্র যে করোনা টিকার এ মেধাস্বত্বকে সাময়িক ছাড় দিতে সম্মত হয়েছে, বিষয়টা এমন নয়। মেধাস্বত্ব ছাড় দেওয়ার জন্য আরও অনেক দেশই প্রস্তুত। এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই বলেছিল, তারা মেধাস্বত্বের ছাড় দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। এ ছাড়া ইইউর বেশ কয়েকটি দেশ মেধাস্বত্ব ছাড় দেওয়ার প্রস্তাবকে সমর্থনও দিচ্ছে। এ সমর্থক দেশগুলোর বক্তব্য হলোÑ মেধাস্বত্বে ছাড় দেওয়া হলে জীবনরক্ষাকারী এই করোনা টিকাগুলো অনেক প্রতিষ্ঠানই তৈরি করতে পারবে। ফলে অনেক গরিব দেশের জন্য এ টিকা পাওয়া সহজ হবে।
তবে মেধাস্বত্ব ছাড় দেওয়ার বিরোধীরা বলছে, টিকা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ সফল নাও হতে পারে। এই বিরোধিতাকারীদের মধ্যে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানও রয়েছে।