ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যা

ফেনীতে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম তানিসা ইসলাম (১১)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিসা ওই বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের মেয়ে।

সে শহরের ডাক্তারপাড়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে তার চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৭) আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার চাচাতো ভাই খুন করে।

তানিসার মা তাহমিনা আক্তার জানান, গত ৫ মে ছিল তানিসার জন্মদিন। প্রতি বছর এই দিনটি পরিবারের জন্য আনন্দের। জন্মদিনের পরদিনই নিজ বাড়িতে রাতে নৃশংসতার শিকার হয়ে প্রাণ গেল। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল তানিসা।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।