২২ থেকে ২৯ মে এসএসসি পরীক্ষার ফরম পূরণ

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি, তারা ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্র্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে।

ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্র্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

ওই সময় আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমার জানা মতে, অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ গিয়েছিল। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরে বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেওয়া হবে। আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার কথা ছিল।