জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বাবুল করিম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল করিম পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর জামালপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান (২৬) অক্ষত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত বাবুল করিম জয়পুরহাট শহরের পূর্ববাজারে দোকানে কাপড়ের ব্যবসা করতেন। ঈদের বাজারে অনেক রাত পর্যন্ত বেচাকেনা করে বাবুল তার শ্যালক আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেলযোগে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাঁচবিবির বটতলী এলাকায় আসলে দাঁড়ানো একটি মেসি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে বাবুল করিম নিচে পড়ে গেলে পিষে ঘটনাস্থলেই মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।