রেমিট্যান্সের ওপর প্রণোদনা ৪ শতাংশ করার প্রস্তাব

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। গতকাল শনিবার ‘আমি প্রবাসী’ অ্যাপের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইমরান আহমদ বলেন, ‘প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধির বিষয়টি অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, আমি আশা করব অর্থ মন্ত্রণালয় এই বিষয়টি বাস্তবায়নে কাজ করবে। আর এটি বাস্তবায়িত হলে নিশ্চয় প্রবাসীদের জন্য এটি অনেক বড় পাওয়া হবে।’

প্রবাসী কর্মীদের বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাসীদের সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয়েছে। যেন তাদের একটা সঞ্চয় থাকে, সেজন্য এই প্রস্তাবনাটি অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এটি হলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য খুব ভালো হয়।

বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে ইমরান আহমদ বলেন, করোনার সংক্রমণ রোধে অনেক দেশের ফ্লাইট বন্ধ রয়েছে। এজন্য অনেক দেশের বিভিন্ন কোম্পানিতে কর্মী নিয়োগে স্থগিত রয়েছে। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। এজন্য আমাদের বিদেশগামী কর্মীদের ট্রেনিং করানো যেতে পারেÑ সেটি হোক অনলাইনে কিংবা অফলাইনে। তাহলে দেখা যাবে করোনার সংক্রমণ কমলে চাহিদা অনুযায়ী কর্মীদের আমরা দ্রুত বিভিন্ন দেশে কাজে লাগাতে পারব।

‘আমি প্রবাসী’ অ্যাপের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিদেশে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিশ্বের অনেক দেশে গেলে দেখা যায় বাংলাদেশি কর্মীরা ক্লিনার হিসেবে কাজ করে। কিন্তু ভারতীয় কিংবা পার্শ্ববর্তী দেশের কর্মীরা সুপারভাইজার হিসেবে কাজ করে। এজন্য বাংলাদেশি কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত সচিব শহিদুল আলম (এনিডিসি), মন্ত্রীর একান্ত সচিব আহমাদুল কবিরসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা। ‘আমি প্রবাসী’ অ্যাপটি তৈরি করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সেবা আরও সহজ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।