হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে শুক্রবার আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ রবিবার সকাল পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
তবে হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে সোনাদিয়ার চরচেঙ্গা বাজারে আওয়ামী লীগের সোনাদিয়া ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং আসন্ন ইউপি নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়।
এতে একই ইউনিয়নের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে জোবায়ের (৪৫) নিহত হন। আহত হন তার ভাই জীবন (২২), ৩নং ওয়ার্ডের খলিলের ছেলে ইরাক (২৬) ও ৫নং ওয়ার্ডের এমরান উদ্দিনের ছেলে মহসিন আজগর রাজু (২৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গুরুতর আহত ইরাক ঢাকায় এবং রাজু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।