দ্বিতীয় পরীক্ষায়ও নেগেটিভ সাকিব, প্রথম পরীক্ষার ফল পেলেন ফিজ

ভারত থেকে ফেরার পর শনিবার প্রথম দফার করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছিলেন সাকিব আল হাসান। যার ফল নেগেটিভ আসে। রবিবার দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে তার।

এদিকে মোস্তাফিজুর রহমান প্রথম পরীক্ষার নেগেটিভ ফল হাতে পেয়েছেন। ভারতে তার সফরসঙ্গী ছিলেন স্ত্রীও। ফিজের সঙ্গে তার প্রথম দফার ফলও নেগেটিভ এসেছে।

আইপিএল স্থগিতের পর ভারত থেকে ফেরা সাকিব ও মোস্তাফিজ রাজধানীর আলাদা দুটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘গতকাল প্রথম ফল পাওয়ার পরই নমুনা নেওয়া হয় সাকিবের কাছ থেকে। প্রথমবারের মতো এবারো করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তার। আর গতকাল স্ত্রীসহ মোস্তাফিজেরও নমুনা নেওয়া হয়েছিল। আজ তাদের ফলও নেগেটিভ এসেছে।’

সাকিব ও মোস্তাফিজের কোয়ারেন্টাইন শিথিলের ব্যাপারে কাজ করছে বিসিবি। ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হবে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৩ মে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।