আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরেন সাকিব আল হাসান। দেশে ফেরার পর প্রথম দফার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তিনি।
এদিকে সাকিবের সঙ্গে ফেরা মোস্তাফিজুর রহমান এখনো করোনা পরীক্ষার ফলের অপেক্ষায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুরুল হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, মোস্তাফিজের ফল কাল পাব।’
সাকিব ও মোস্তাফিজ একই ফ্লাইটে দেশে ফেরেন। এরপর থেকে দুজন রাজধানীর দুটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। আইপিএলের এবারের আসরে সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। মোস্তাফিজ ছিলেন রাজস্থান রয়্যালসে।
এই দুই তারকার ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হবে ২০ মে। এর তিন দিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মিশনে নামতে হবে তাদের। অর্থাৎ তেমন প্রস্তুতি ছাড়াও খেলবে হবে সাকিব-ফিজকে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে ২৩ মে। ২৫ ও ২৮ মে পরের দুটি ম্যাচ। তিনটি ম্যাচই হবে দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।
