গুণী নির্মাতাদের কাজই করতে চাই

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এখন ব্যস্ত ঈদের কাজ নিয়ে। এবার তাকে পাওয়া যাবে একাধারে টেলিভিশন নাটক, ওয়েব ফিল্ম, ওভিসি ও ইউটিউবে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বেসড অন বুক...

অনেকেই জানেন, বঙ্গ বিডি এবার ঈদে সমকালীন সাত সাহিত্যিকের গল্প নিয়ে সাতটি অরিজিনালস তৈরি করছে। এর মধ্যে ‘লাবণী’ নামের কনটেন্টটিতে নাম ভূমিকায় অভিনয় করছি আমি। গল্পটি লিখেছেন মারুফ রহমান। নির্মাণ করছেন গোলাম হায়দার কিচলু। যেহেতু এটি একটি জনপ্রিয় সাহিত্য থেকে নির্মিত হচ্ছে তাই দায়িত্বটাও বেশি। কারণ যারা বইটি পড়েছেন তাদের এক ধরনের প্রত্যাশা আছে। গল্পটি এত চমৎকার যে, এটি নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করা যায়। কিন্তু আমাদের আসলে আধ ঘণ্টার মধ্যে শেষ করতে হচ্ছে। তাই অনেক যত্ন নিয়ে স্ক্রিপ্ট করা হয়েছে। এমনও হয়েছে একটি দৃশ্য শ্যুটিং করার পর প্যানেলে গিয়ে মনে হয়েছে আরও ভালো করা যায়, সেটি আমরা আবার শ্যুটিং করেছি। আজ শ্যুটিং শেষ হবে উত্তরায়। আমার  সহশিল্পী মনোজ প্রমাণিক। তিনি ভীষণ ভালো অভিনেতা এবং খুব ভালো সহশিল্পী। এর বেশি তার সম্পর্কে আর কিছু না বললেই চলে। এটি একটি অধিভৌতিক ধাঁচের গল্প। এর বেশি এখনই কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব, কাজটি দর্শক পছন্দ করবেন।

গুণী নির্মাতাদের সঙ্গে...

এখন আমি আগের মতো গড়পড়তা নাটক করি না। তবে এই করোনার মধ্যেও আমি ভাগ্যবান যে, এবার ঈদে যে কটি কাজ করেছি সবই গুণী নির্মাতাদের সঙ্গে। তারা প্রস্তাব দিলে ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেই পারি না। ঈদ উপলক্ষে শাহ সিমেন্টের একটি ওভিসিতে কাজ করেছি। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এই কাজটিও খুব চমৎকার।

স্বামীর সঙ্গে একটি...

গত বছর ভালোবেসে অভিনেতা সাইদ জামান শাওনকে আমি বিয়ে করেছি। বিয়ের পর স্বামী-স্ত্রীকে সবাই একসঙ্গে প্রায়ই দেখতে পাবেএটাই স্বাভাবিক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নির্মাতারা যতই বলুন না কেন আমরা একসঙ্গে স্ক্রিনে খুব একটা কাজ করব না। একটি উৎসবে একটি ভালো কাজ করা যেতে পারে। এবার ঈদেও একসঙ্গে একটি নাটকই করেছি। ঈদের তৃতীয় দিন রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচার হবে ‘খুনসুটি প্রেম’ নামের নাটকটি। আব্দুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। এর গল্পে নির্মাতা তুলে ধরেছেন এক দম্পতির খুনসুটি প্রেমের গল্প। সামান্য লোভের জন্য যে একটি সাজানো সংসার ধ্বংস হয়ে যেতে পারে, সে বার্তাও দেওয়া হয়েছে এতে। ‘খুনসুটি প্রেম’ নাটকটিতে দর্শক যেমন আনন্দ পাবেন, ঠিক তেমনি কষ্টও। এককথায় বলব এটি দর্শকদের জন্য একটি পরিপূর্ণ প্যাকেজ। এই নাটকে একটি বিশেষ বার্তাও দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের।

টয়া টিউব...

লকডাউনে ঘরে বসে না থেকে আমার নিজের ইউটিউব চ্যানেল ‘টয়া টিউব’-এর জন্য ভিডিও নির্মাণ করি। বাসাতেই পুরো সেটাপ করে ফেলেছি। নানা ধরনের মজার ভিডিও বানাই। দর্শকের রেসপন্স খুব ভালো। ইচ্ছে আছে ঈদেও ভিডিও বানানোর।