মাটির ছড়ানো জায়গায় বড় গাছের তুলনায় গরমে টবে রাখা ছোট গাছগুলোর টিকে থাকতে কিছুটা কষ্ট হয়। কারণ টবে মাটি, পানি, আলো-বাতাস সবই সীমিত। বাইরে বা বাগানে লাগানো বড় গাছগুলো প্রতিদিন পানি না পেলে টিকে থাকতে পারে, কিন্তু টবের গাছগুলো বাঁচবে না। তাই এই গরমে কিছু গাছের ক্ষেত্রে বাড়তি যত্নের প্রয়োজন হয়
নিয়মিত পানি দেওয়া
গরমে গাছে নিয়মিত পানি দিতে হবে। এ মৌসুমে সকাল-বিকেল দুই বেলা সেচ করলে সবচেয়ে ভালো হয়। তবে চড়া রোদের সময় গাছে পানি দেওয়া যাবে না। আবার গাছের গোড়ায় সরাসরি পানি না দিয়ে একটু দূরে দিতে হবে। গাছের গোড়ায় সরাসরি তীক্ষ ধারায় পানি পড়লে গাছের ক্ষতি হতে পারে। তাছাড়া দীর্ঘ সময় ধরে গাছের গোড়ায় পানি জমে থাকাও ক্ষতিকর।
শুকনো পাতা কেটে ফেলা
গাছের শুকনো পাতা নিয়মিত কেটে ফেলুন। কোনো পাতার ডগা শুকিয়ে গেলে সেই অংশটা কেটে ফেলুন। কারণ সেই অংশে পুষ্টি জোগাতে গাছ দ্বিগুণ খাটবে। এতে বাকি গাছের স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে।
কড়া রোদে রাখবেন না
যে গাছের পাতাগুলো বড়, যেমন রবার গাছ বা ফিড্ল লিফ প্ল্যান্ট, এদের এই মৌসুমে ঘরে রাখুন। রোদ যেন খুব কড়া না হয় এমন জায়গা বাছুন। কারণ অতিরিক্ত তাপে পানি শুকিয়ে গাছ মরে যেতে পারে। এ কারণে অতিরিক্ত তাপমাত্রায় সকাল থেকে দুই-এক ঘণ্টা রোদ লাগার পর গাছগুলোর জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে।
কীটনাশক ব্যবহার
গ্রীষ্মকালীন শাকসবজিতে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশিই থাকে। সুতরাং কীটনাশক ব্যবহার জরুরি। রাসায়নিক কীটনাশকের চেয়ে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত কীটনাশক ব্যবহার করা ভালো। চাইলে ঘরে নিজেই বানিয়ে নিতে পারেন কীটনাশক।