যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলি নিহত ৭

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালিয়ে প্রেমিকাসহ ছয়জনকে হত্যা করেছে এক হামলাকারী। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা ছয় ব্যক্তির মৃতদেহ এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক নারীর প্রেমিককে সন্দেহ করা হচ্ছে। সে ওই বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশের পর হেঁটে ভেতরে ঢোকে আর মানুষের ওপর গুলি করার পর নিজেরও প্রাণ নেয়। গুলি চালানোর সময় জন্মদিন পালন করতে বন্ধু, পরিবার এবং শিশুরা ওই বাড়িতে জড়ো হয়েছিল।’ তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

ফ্রেডি মারকুয়েজ নামে ৩৩ বছর বয়সী এক যুবক বলেন, হামলায় নিহতদের মধ্যে তার শাশুড়িও রয়েছেন। তিনি নিজেও জন্মদিনের পার্টিতে ছিলেন কিন্তু শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সেখান থেকে চলে আসেন। মধ্যরাতের পর ওই পার্টিতে উপস্থিত এক ব্যক্তির ছেলের কাছ থেকে তিনি ফোনকল পান।

ইয়েনিফার রেয়েস নামে এক প্রতিবেশী জানান গুলির শব্দে জেগে ওঠেন তিনি। তিনি বলেন, ‘ভেবেছিলাম বজ্রপাতের শব্দ। তারপরই আমি সাইরেনের শব্দ শুনতে পাই।’ পরে পুলিশকে শিশুদের বের করে গাড়িতে তুলতে দেখেন বলেও জানান তিনি।