‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে ইউপি সদস্য নিহত

যশোরের ঝিকরগাছায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়।

পরিবারের লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

মরদেহ বাড়ি নিয়ে আসার পর খবর পায় পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে লিটনের মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

সকাল ১১টার দিকে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

লিটন ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।