টিকা আনতে চীনে বিমান, আজ পৌঁছাবে ঢাকায়

চীন থেকে ৫ লাখ ডোজ করোনা টিকা নিয়ে আসতে সি-১৩০ কার্গো বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার এই টিকা দেশে পৌঁছার কথা রয়েছে। উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের এই টিকা দিচ্ছে চীন।

গত সোমবার রাতে ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে যে ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়া হচ্ছে, সে টিকার প্যাকিং শেষ হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ড ভ্যানযোগে পেইচিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।

একই দিন দুপুরে ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন।

এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।