আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষ নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা হলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।
অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রী বরাবর ঈদুল ফিতরের শুভেচ্ছা সংবলিত পত্র পৌঁছে দিয়েছি, যা আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করেন দলটির দপ্তর উপ-কমিটির সদস্য আলী আহমেদ।’
তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্যের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির (রওশন) চেয়ারম্যান জি এম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষ নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা সংবলিত পত্র দেওয়া হয়েছে।’