করোনাভাইরাসের নিয়ন্ত্রণহীন সংক্রমণের মুখে গত মার্চ মাসের শেষের দিকে বিদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে বাংলাদেশের মতো অনেক দেশই আগেভাগে দাম দিয়েও নির্দিষ্ট সময়ে টিকা পাচ্ছে না। এ নিয়ে প্রশ্ন করলে সেরাম কর্র্তৃপক্ষ বারবারই সরকারি বিধিনিষেধের কথা বলেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রতি কোভিশিল্ডের ৫০ লাখ ডোজ যুক্তরাজ্যে পাঠাতে চেয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেছিল তারা। অবশ্য তাদের এই অনুরোধে সাড়া দেয়নি মোদি সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে কিছুদিন আগে ১৮ থেকে ৪৪ বছর বয়সী সবাইকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। কিন্তু সময়মতো এত টিকার জোগান ও এর দাম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সেখানে। এই বিতর্কের মধ্যেই ভারত ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন কোভিশিল্ডের উৎপাদক সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা। তিনি এখনো সেখানেই রয়েছেন।
এমন পরিস্থিতির মধ্যে ভারত সরকারের কাছে যুক্তরাজ্যে ৫০ লাখ ডোজ টিকা পাঠানোর আবেদন করেছিল সেরাম কর্র্তৃপক্ষ। তবে তাদের ওই আবেদনে সোজা ‘না’ বলে দিয়েছে নয়াদিল্লি।
গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপ এবং সেরামের সঙ্গে কয়েক দফা সমঝোতার পরেও যুক্তরাজ্যে টিকা রপ্তানির অনুরোধ নাকচ করে দিয়েছে ভারত সরকার। দেশটিতে স্থানীয় পর্যায়ে টিকার সংকট এবং টিকাপ্রাপ্তিতে ভারতীয় নাগরিকদের অগ্রাধিকার নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।