বগুড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এরুলিয়া ইউনিয়নের গোদারপাড়ায় কামাল মেটাল ইন্ডাস্ট্রিজের পাশের পানি নিষ্কাশনের নালা (কাঁচা ড্রেন) থেকে দুর্গন্ধ ছড়ছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে লোকজন ড্রেনের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা এক মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আশপাশের লোকজন তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরনে নীল রঙের ট্রাউজার ছিল।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ৩ থেকে ৪ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় নিশ্চিত করতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পরিদর্শক আবুল কালাম আজাদ।