এখনো ফিলিস্তিন-পন্থী পোস্ট আটকাচ্ছে ফেইসবুক-টুইটার

ফিলিস্তিনের পক্ষ কিছু লিখলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো পোস্ট আটকে দিচ্ছে। এ বিষয়ে সমালোচনা শুরু হওয়ার পর ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম এবং আরেক কোম্পানি টুইটার ক্ষমা চাওয়ার পরেও একই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ডিজিটাল অধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন।

২০টি সংগঠন তাদের বিবৃতিতে বলেছে, ফেইসবুক এবং টুইটার কৌশলে ব্যবহারকারীদের কণ্ঠরোধ করছে।

ফেইসবুক জানিয়েছে, তাদের মালিকানাধীন ইনস্টাগ্রামে সিস্টেমের ভুলে পোস্টগুলো সেনসরড হয়েছে। টুইটারও একই দাবি করেছে।

ক্ষমা চাওয়ার পর দুটি কোম্পানির পক্ষ থেকে বলা হয়, সমস্যাটির সমাধান করা হয়েছে।

কিন্তু অনেক ব্যবহারকারী বলছেন, এখনো অনেক পোস্ট দেখা যাচ্ছে না।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

হামলার অধিকাংশ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।